তিনি বজ্রের অগ্নির মত আলোকময়, জ্ঞান মুদ্রারূপী কুণ্ডল শোভিত হয়ে ঘুরে বেড়ান।
“তিন ধাতুর খাট পেতে শবর মহাসুখে শয্যা রচনা করলো” - তিন ধাতুর খাট বলতে এখানে কায়, মন ও বাক বুঝানো হয়েছে। কায়, মন ও বাক সংযম হলো সাধনার প্রথম ধাপ। জীবাত্মা রূপী শবরের সঙ্গে পরমাত্মা রূপী শবরীর মিলনের জন্য উপযুক্ত শয্যা চাই। তাই শবর কায়, মন ও বাক্য সংযমের খাট বা বেদীর উপর শিরঃস্থিত সহস্রদল মহাপদ্ম রূপী মহাসুখের শয্যা বিছালেন।
“শবর ভুজঙ্গ নৈরামণির সঙ্গে প্রেমের রাত্রি কাটালো” - শবর ও শবরী প্রেমের রাত্রি কাটালো, অর্থাৎ অবশেষে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো।
“হৃদয়রূপী তাম্বুলে মহাসুখে কর্পুর খেলো,শূণ্যদেহ নৈরাত্মা কে গলায় জড়িয়ে মহা সুখে রাত কাটালো”- জীবাত্মা রুপী শবর পরমাত্মা রূপী শবরীর সঙ্গে সম্ভোগ চক্রে মিলিত হলেন, ফলে ব্রহ্মজ্ঞানানন্দতুল্য নির্বাণ সুখ ভোগ করলেন। এর পরে শবর হৃদয় রূপ তাম্বুলে মহাসুখ রূপী কর্পুর খেলেন,অর্থাৎ চিত্ত কে অচিত্ততায় লীন করলেন।
“গুরুবাক্যের ধনুকে নিজের মন কে বাণ বিদ্ধ করো। এক শর সন্ধানে বিদ্ধ করো পরম নির্বাণ কে”_- শবরপাদ জানাচ্ছেন গুরুর বাক্য রূপ ধনুকে সাধকের মন রূপী শর যোজনা করে নিক্ষেপ করায় একবার শর সন্ধানেই নির্বাণ কে বিদ্ধ করা গেছে, অর্থাৎ গুরু প্রদর্শিত পথে মন প্রাণ দিয়ে সাধনা করায় এক বারেই নির্বাণ সুখ লাভ হয়েছে।
“গিরিবর শিখর সন্ধিতে প্রবেশ করে উন্মত্ত শবর লড়বে কি ভাবে ?” - নির্বাণ লাভের পর সহজানন্দ পানে প্রমত্ত জীবাত্মা মস্তকে অবস্থিত মহাসুখ চক্রে এমন ভাবে প্রবিষ্ট হয়েছে যে তার আর বিষয় বিষে দুষ্ট ক্লেদাক্ত জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই।
কৃচ্ছ সাধনের দ্বারা নির্বাণ লাভ সম্ভব, তবে কৃচ্ছসাধনের জন্য যে শিক্ষা বা জ্ঞান প্রয়োজন,তার জন্য গুরু সঙ্গ আবশ্যক এবং গুরুকে জিজ্ঞাসা করেই মুক্তির উপায় জানতে হবে। লুইপাদ নামক এক বৌদ্ধ সিদ্ধাচার্য এই তত্ত্বের প্রচার কল্পে পটমঞ্জরী রাগে গীত এই চর্যাপদটি রচনা করেন:
লুই পাদানাম্
রাগ–পটমঞ্জরী
কাআ তরুবর পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল।
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।
লুই ভণই গুরু পুছ্ছিঅ জাণ।।
সঅল সমাহিঅ কাহি করিঅই।
সুখ দুখেতেঁ নিচিত মরিঅই।।
এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস।
সুনু পাখ ভিড়ি লাহু রে পাস।।
ভণই লুই আমহে ঝাণে দিঠা।
ধমণ চমণ বেণি পাণ্ডি বইঠা।।
[ শব্দার্থ:কাআ=দেহ/শরীর, তরুবর=বড় গাছ, পঞ্চবি=পাঁচটি, ডাল=শাখা, চীএ=চিত্তে,পইঠো=প্রবেশ করে, কাল= মৃত্যু রূপী দেবতা, দিঢ়=দৃঢ়/শক্ত, মহাসুহ=মহাসুখ, ভণই=বলেন,পুচ্ছিঅ=জিজ্ঞাসা করে, জাণ=জানো,সঅল= সর্বকাল, সমাহিঅ= একাগ্র ভাবে ধ্যান মগ্ন, কাহিকরিঅই= কি করিবে, নিচিত = নিশ্চিত/অবশ্যই, মরিঅই = মরিবে,এড়ি = এড়ানো/বর্জন করা, এউ=এই, ছান্দক= ছন্দের, বান্ধ = বন্ধন, করণক = ইন্দ্রিয়ের,পাটের আস = পারিপাট্যের আশা, সুনু পাখ = শূন্যপাখা, ভিড়ি=ভর করে, লাহু রে = লও রে,পাস = পাশে, আমহে = আমি, ঝাণে = ধ্যানে, দিঠা = দেখেছি, ধমণ চমণ = শ্বাস-প্রশ্বাস,বেণি –দুই রকম, পাণ্ডি = পিড়া, বইঠা = বসেছি।]
প্রাকৃত বাংলা ভাষায় লিখিত এই চর্যাপদ কে বিশুদ্ধ বাংলায় রূপান্তর করলে সাধারণ অর্থ দাঁড়ায় :
মানুষের দেহ বৃক্ষের পাঁচ টি ডাল। চঞ্চল চিত্তে কালপ্রবেশ করে। মনকে দৃঢ় করে মহাসুখ পাও। লুই বলে -গুরু কে জিজ্ঞাসা করে সব জেনে নাও। সুখে বা দুঃখেতে মরণ যখন নিশ্চিত,তখন সব সময়ে তপস্যা করে কি হবে ? এই ছন্দের বন্ধন এবং ইন্দ্রিয়ের পারিপাট্য ছেড়ে শূণ্য পাখায় ভর করে তার কাছে যাও। লুই বলে আমি শ্বাস-প্রশ্বাসের পিড়ায় বসে ধ্যানে সব দেখেছি।
কিন্তু লুইপাদের এই চর্যাগীতি র ভাবগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, মনকে নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় দমন এবং গুরু বাক্য অনুসারে চিত্তের সাধন দ্বারা যে নির্বাণ লাভ সম্ভব, সেই তত্ত্বই ব্যাখ্যা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন