সাধু সাবধান ✋
অন্তরে যার মিথ্যার বীজ বোনা
সত্য সেখানে করে না তো আনাগোনা।
যাদের মনে হিংসা প্রকট
বাইরে সাধুর দৃশ্য,
ভণ্ড- সাধু তারেই তো কয়
নিজেই হয়ে যায় নিঃস্ব।
সন্দেহ মনে, সন্দেহ চোখে
সন্দেহ-বাতিক যার অন্তরে,
সন্দেহ বিষ নীল করে দেয়
সন্দেহ-অনল পুড়িয়ে মারে।
অঢেল থেকেও নাই নাই ভাব
কৃপণের এক শেষ,
মনের দীনতা যায় না কখনো
ঘোচেনা না ফকির বেশ।
মুখে মধু মাখা অন্তরে বিষ
সে-যদি হাতটি বাড়ায়,
সততা সাধনা যত অর্জন
নিজেই পা দিয়ে মাড়ায়।
‘চোরকে বলে সে চুরি করো
গেরস্থকে বলে ধরো ধরো’
চালায় দ্বৈতনীতি;
নিজের ফাঁদেই বন্দী-জীবন
চারি দিকে ভয়-ভীতি। ✋
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন